ফেনীতে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতি সহিংসতায় আওয়ামী লীগ কার্যালয় আক্রান্ত হওয়ার মধ্যে ফেনীতে ঘটেছে উল্টো ঘটনা।
রোববার প্রথম প্রহরে ফেনী শহরে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয়া হয়েছে দলটির মালিকানাধীন একটি মার্কেটের বেশ কয়েকটি দোকানও।
সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। কারা আগুন দিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের কার্যালয় ও জামায়াতনিয়ন্ত্রিত আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় আগুন দেয় দুর্বৃত্তরা।
একই সময় শহরের খাজুরিয়া এলাকায় জামায়াতের মালিকানাধীন ‘নির্মাণ সুপার মার্কেটে’ আগুন দেয়া হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় ব্যাপক গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সর্ভিস ঘটনাস্থলে যায়।”
ফেনী ফায়ার স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ফেনী, পরশুরাম এবং ছাগলনাইয়া থেকে বাহিনীর তিনটি ইউনিট আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা জামায়াতের সেক্রেটারি একেএম সামছুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে দলীয় কার্যালয়ের পাঁচটি কক্ষের আসবাবপত্র, গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস ও দুটি মোটর সাইকেল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে মাদ্রাসার তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
নির্মাণ সুপার মার্কেটের পরিচালক নাসির উদ্দিন সরকার জানান, আগুনে বিভিন্ন দোকানের বিপুল পরিমাণ টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, ১৫টি মোটর সাইকেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এতে প্রায় ১০-১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এই ঘটনার পর শহরে পুলিশ-র্যাব-বিজিবির টহল বাড়ানো হয়েছে।
