গাজীপুরে ব্যবসায়ী খুন
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সন্ধ্যায় এক কাঁচামাল ব্যাবসায়ী খুন হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ‘ডিভাইন টেক্সটাইল’ কারখানার পিছনে আমির হাসানের (৩২) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার এসআই মো. রাজিব খান জানান, নিহতের মুখে ও ঘাড়ে চাপাতির আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার পর কোনো এক সময় তাকে কুপিয়ে খুন করে ওই স্থানে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে দুটি রক্তমাখা চাপাতি ও একটি মোবাইল সেটও পাওয়া যায় বলে জানান তিনি।
স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরো জানান, আমির হাসান পরিবার নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোল বন্দর থানার শেকারী পোতা গ্রামে।
তিনি কাঁচা মালের ব্যবসা করতেন আর তার স্ত্রী বীথি আক্তার ডিভাইন টেক্সটাইলের অপারেটর পদে কাজ করেন।
এ ঘটনায় রোববার সকালে বীথি আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
বীথি বলেন, টাকা-পয়সা নিয়ে আমিরের সঙ্গে বন্ধু সিরাজগঞ্জের সুলতান উদ্দিন ও তার খালাতো ভাই আলমের সঙ্গে দুমাস আগে ব্যবসায়ীক বিরোধ হয়। ওই বিরোধের জেরে তার স্বামী খুন হয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে টেলিফোনে খবর পান যে কারখানার পিছনে খোলা জায়গায় তার স্বামীর লাশ পড়ে আছে।
