২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চাঁদপুরে ৩ গাড়িতে আগুন, লুটপাট

হরতালে চাঁদপুরের কচুয়ায় তিনটি যানবাহনে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 01:14 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

রোববার ভোররাতে কচুয়া উপজেলার খাঁজুরিয়ায় বাসে আগুন দেয়ার আগে যাত্রীদের কাছ মালপত্র ও টাকা পয়সা লুটপাট করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

আগুনে চট্টগ্রাম থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিক্সা পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সৌদিয়া বাসের চালক চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে খাঁজুরিয়া এলাকায় সড়কে গাছ ফেলে বাস থামায় হরতালকারীরা। পরে ১০/১২ জন লোক উঠে তার কাছে থাকা ২৫ হাজার টাকা ও যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এরপর তারা যাত্রীদের নামিয়ে বাসে আগুন দিয়ে চলে যায় বলে জানান চালক। 

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ওই এলকায় একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশাতেও আগুন দেয়া হয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হরতাল সমর্থকরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গাছতলা ও বাগাদী এলাকাতেও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং শহরের কালীবাড়ি ও চাঁদপুর সরকারি কলেজের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে রোববার সারাদেশে এই হরতাল করছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ফাঁসি কার্যকরের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সরকারি কার্যালয়, আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানপাট ও যান বাহনে নাশকতা চালাচ্ছে দলটির কর্মীরা।