মাতুয়াইলে অটোরিকশায় আগুন
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে তার দল জামায়াতের হরতালের মধ্যে রাজধানীর যাত্রাবাড়িতে একটি অটোরিকশায় আগুন দিয়েছে শিবির কর্মীরা।
ডেমরা পুলিশের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, রোববার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
“একটি গলি থেকে শিবিরকর্মীরা হঠাৎ মিছিল নিয়ে বেরিয়ে কয়েকটি ককটেল ফাটায় এবং
রাস্তার পাশে থাকা একটি অটোরিকশায় আগুন দেয়।”
তবে স্থানীয়রাই অটোরিকশার আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।
ফাইল ছবি
তবে রাজধানীতে এর বাইরে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
হরতালে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। গণপরিবহনের সংখ্যা কম হলেও সব সড়কে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে।
অবশ্য সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ১২ ডিসেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই বিজয় দিবসের আগের দিন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াতে ইসলামীর কর্মীরা।
ওই রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা-নাশকতা চালিয়ে আসছে দলটির কর্মীরা। বিভিন্ন স্থানে নিহত হয়েছেন অন্তত ২০ জন।
