২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রদর্শনীতে হামলা

বিজয় দিবসকে সামনে রেখে বগুড়া শহরে মাসব্যাপী আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শনিবার বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১ যাদুঘরে আয়োজিত ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দূর্লভ ছবি’ শীর্ষক প্রদর্শনীস্থলে ঢোকার ফটক ও অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে তারা।

জামায়াত-শিবিরের কর্মীরা এ হামলা চালায় বলে দাবি আয়োজকদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে বের করা একটি মিছিল নিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবির কর্মীরা স্টেশন রোডের ফল পট্টি এলাকায় এ হামলা চালায়।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১ যাদুঘরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সুমন জানান, বিকালে জামায়াত শিবির মিছিল শেষে গেট ভাংচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে।

প্রতি বছর স্টেশন রোডের ফলপট্টি এলাকায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের দূর্লভ ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। গত ৬ ডিসেম্বর প্রদর্শনীর উদ্ধোধন করেন মুক্তিযোদ্ধা মেসবাহুল মিল্লাত নান্না।

ডিসেম্বর মাস জুড়ে চলবে এই প্রদর্শনী।

বগুড়া সদর থানার ওসি ফাইজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

তবে ভাংচুর চালানোর খবর অস্বীকার করেছেন বগুড়া শহর শিবিরের প্রচার সম্পাদক মিজানুর রহমান।