নারায়ণগঞ্জে ২ পুলিশ ফাঁড়িতে বোমা হামলা
নারায়ণগঞ্জ শহরের ঝটিকা মিছিলে থেকে চাষাঢ়া ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা হামলা করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনায় পুলিশ ফাঁড়ির দরজা-জানালা পুড়ে গেছে। তবে, কোনো হতাহত হয়নি।
ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ৪ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলমা জানান, পেট্রোল বোমায় ফাঁড়ির দরজা- জানালা পুড়ে গেছে। পুলিশ সর্তক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর শহরের সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩টার দিকে ঝটিকা মিছিল থেকে শহরের চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলো এলকায় একই ভবনে অবস্থিত চাষাঢ়া ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়িতে হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
মিছিল থেকে তারা ৩/৪টি গাড়ি ভাংচুর করে এবং তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে পুলিশ ফাঁড়ি দুটিতে। এতে ফাঁড়ির দরজা ও জানালা পুড়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার শেল ছুড়ে জামায়াত-শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
