চুয়াডাঙ্গায় দুভাইয়ের পরিবারের সংঘর্ষ, নিহত ১
পারিবারিক বিরোধের জেরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুভাইয়ের পরিবারের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে মদনা গ্রামে এ সংঘর্ষে নিহত হন ওই গ্রামের আবুল কাশেম (৫০)।
এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন নিহত আবুল কাশেমের ছেলে দুই আইনাল হক (৩২) ও ফরজ আলী (২৫), ইদ্রিস আলী (২২), ভাই রহমত উল্লাহ (৫৫), তার ছেলে জয়নাল হক (২৮), আব্দুল আলীম (২০) ও রহমত উল্লাহর স্ত্রী আমেনা বেগম (৪৫)।
তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, সকাল ৮টায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুভাইয়ের পরিবারের সদস্যরা।
সংঘর্ষ চলাকালে দুপক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে।
সকাল ১০টায় গুরুতর আহত আবুল কাশেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রশীদুল হাসান জানান, সংঘর্ষে জড়িতরা পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা সদর হাসপতাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মামলা দায়ের এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।
