চট্টগ্রাম বন্দরে নৌযান ‘সমুদ্রজয়’
বাংলাদেশ নৌবাহিনীকে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের দেয়া যুদ্ধজাহাজ ‘বিএনএস সমুদ্রজয়’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে জাহাজ ও এর নাবিকদের অভ্যর্থনা জানান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডবি¬উ মজীনাসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের নৌপথের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতায় এই জাহাজ বড় ধরনের ভূমিকা রাখবে বলে নৌ প্রধান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের জানান।
এর আগে সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সাংবাদিকদের একটি দল নিয়ে নৌ প্রধান চট্রগামে পৌঁছান। এই বহরে নৌবাহিনীর গোয়েন্দা শাখার প্রধান এম সোহায়েলও ছিলেন।
নৌ প্রধান ফরিদ হাবিব বলেন, “আমাদের বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তার জন্য আরো জাহাজ দরকার। এই জাহাজের অনুরূপ আরেকটি জাহাজ আগামী বছর আসছে। তাছাড়া চীন থেকে আরো দুটি ফ্রিগেড নৌবাহিনীর বহরে আগামী মাসেই যুক্ত হবে।”
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বর্ধিত সমুদ্র এলাকায় বাংলাদেশের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জাহাজটির নাম ‘সমুদ্রজয়’ রাখা হয়েছে নৌবাহিনীরা কর্মকর্তারা জানান।
যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডে কাটার জারভিস নামে পরিচিত ৩৭৮ ফুট দীর্ঘ শক্তিশালী এই নৌযানটি ১৯৭২ সালে হাওয়াইতে মোতায়েন করা হয়েছিল। গত বছরের অক্টোবরে জাহাজটিকে নৌবহর থেকে বাদ দেয়া হয়।
আধুনিক ক্ষমতাসম্পন্ন জাহাজটিতে কামান সংযুক্ত রয়েছে, যা দক্ষতার সঙ্গে লক্ষ্যবস্তু ঠিক করে আঘাত করতে সক্ষম। এছাড়া জাহাজটিতে ডলফিন, ব্ল্যাক হক ও সি হক শ্রেণির হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করতে পারবে। জাহাজটি গ্যাস টারবাইন দ্বারা পরিচালিত, যা বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত এ ধরনের প্রথম প্রযুক্তি।
আইএসপিআর জানায়, ইটলসের রায়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে বর্ধিত সমুদ্র এলাকার ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘বিএনএস সমুদ্রজয়’।
চলতি বছরের ২১ মে নৌযান বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ ও নতুন উপকরণ স্থাপনের নিবিড় কর্মসূচির পর ১৬৭ জন নাবিক নিয়ে যানটি ছয় সপ্তাহে প্রশান্ত মহাসাগর সফলতার সঙ্গে পাড়ি দেয়।
গত ২৬ অক্টোবর সানফ্রান্সিসকো হতে জাহাজটি সানডিয়াগো হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে ত্রাণ সংগ্রহ করে ভয়াবহ টাইফুন হাইয়ানে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনের দুর্গতদের সহযোগিতায় এগিয়ে যায় ‘সমুদ্রজয়’।
২৯ নটিক্যাল মাইল গতি এবং তিন হাজার ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৩৭৮ ফুট দীর্ঘ এ জাহাজটিই এখন বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ।
