২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিভিন্ন স্থানে মিছিল-ভাংচুর

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও ভাংচুর চালিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবিরের ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন কর্তব্যরত তিন সাংবাদিক।

এদিকে নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে কোন ট্রেন না ছাড়লেও শুক্রবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের ‘সোহরাওয়ার্দী হলের সামনে একটি যাত্রী ছাউনিতে ভাংচুর করে শিবির।

তবে এ ঘটনায় তেমন কোন ক্ষতি বা কেউ আহতও হয়নি।

চট্টগ্রামের ফৌজদারহাটে শিবিরের ‘প্রশিক্ষণ কেন্দ্র’ সন্ধানের সংবাদ সংগ্রহ শেষে সীতাকুণ্ড সদরে ফেরার সময় রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় তিন সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে শিবির।

দৈনিক পূর্বকোণের স্থানীয় প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ডের বার আউলিয়া বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার শিকার হন-যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি ফোরকান আবু, প্রথম আলোর কৃঞ্চ চন্দ্র দাশ ও স্থানীয় একটি অনলাইনের সাংবাদিক সাইফুল মাহমুদ।  

আহত ফোরকান আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতবোমায় তিনি পায়ে আঘাত পেয়েছেন। তার অন্য দুই সঙ্গী কৃঞ্চ চন্দ্র পায়ে, হাতে এবং ঠোটে ব্যাথা পেয়েছেন। আর সাইফুল আঘাত পেয়েছেন মুখে ও পায়ে।

“স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে আমরা বাড়ি ফিরে যাই।”

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জলিলগেইট এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ও একটি ট্রেইলারে শিবিরের মিছিল থেকে পেট্রোল বোমা ছোড়া হয়। এরপরই আশেপাশের এলাকায় পুলিশ ও বিজিবির অভিযান চালায় এবং জলিলগেইটের ফৌজদারহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় তলায় শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায়।

সেখানে গোপনে বিভিন্ন নাশকতার প্রশিক্ষণ চলতো বলে জানায় পুলিশ। এসময় সেখান থেকে ১২ শিবির কর্মীকেও আটক করা হয়। 

ফোরকাবন বাবু বলেন, “জলিলগেইট এলাকায় ট্রাক ও ট্রেইলারে আগুন দেয়ার ঘটনা এবং শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রের সংবাদ নিতে এসে মোটরসাইকেলে করে ফেরার পথে আমাদের লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।”

এদিকে, ফাঁসি কার্যকরের পর নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে কোন টেন না ছাড়া হলেও শুক্রবার সকালে রাজধানীর উদ্দেশে স্টেশন ছাড়ার প্রস্তুতি নিয়েছে ‘চট্টলা এক্সপ্রেস’।

স্টেশন ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গোধুলী, উদয়ন, সাগরিকা ও সুবর্ণ এক্সপ্রেস রওয়ানা দিয়েছে। সেগুলো চট্টগ্রামে পৌঁছালে অপেক্ষমান ট্রেনগুলো ছাড়া হবে।”    

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে রাতের পালার কোন ট্রেন ঢাকা এবং সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি।

পূর্ব রেলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঢাকামুখী তূর্ণা নিশিথা, চিটাং মেইলসহ বিভিন্ন আন্ত:নগর ও মেইল ট্রেন অপেক্ষায় থাকলেও রাতে সেগুলো স্টেশন ছাড়েনি।  

স্টেশন ম্যানেজার জানান, রেল পথে কোন প্রতিবন্ধকতা নেই বলে খবর পাওয়া গেছে। এখন ট্রেনগুলো বিভিন্ন পথে ছাড়া হবে। 

স্থানীয় সাংবাদিকেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাত থেকেই সীতাকুণ্ড অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একেবারেই যানবাহন চলাচল করছেনা। 

এদিকে কাদের মোল্লার ফাঁসির পরপরই সাতকানিয়া, লোহাগাড়ায় গাছের গুঁড়ি ফেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবিরকর্মীরা।

স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ ছিল।