২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজের গুদাম ও সড়ক কার্যালয়ে অগ্নিসংযোগ

কাদের মোল্লার ফাঁসির পর সারাদেশে তাণ্ডবের মধ্যে বগুড়ায় আকিজ গ্রুপের একটি গুদাম এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

শুক্রবার দুপুর শহরের তেলিপুকুরে আকিজের এবং চারমাথায় সড়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সোহেল রানা জানান, দুপুর ১২টার দিকে আগুন দেয়া হয়। দুঘণ্টার মধ্যেই দুজায়গার আগুনই নেভানো হয়েছে।

আকিজ কর্তৃপক্ষ তাদের গুদামে আগুনের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও সড়ক কর্তৃপক্ষ কাউকে দায়ী করেনি।

আকিজ গ্রুপের ম্যানেজার মোহাম্মদ রফিক জানান, তেলিপুকুর এলাকায় তাদের গুদামে আগুনে ৯টি বড় পিক-আপ, চারটি প্রাইভেট কার, ৯টি মোটরসাইকেল, ১৭টি বেবিট্যাক্সি, ৩২ রিকশাসহ অন্তত পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে অগ্নিসংযোগ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চারমাথায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে এ আগুনে একটি জিপ পুড়ে গেছে। এছাড়াও অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।