‘দায়মোচনের শুভ সূচনা’
আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতির কলঙ্ক মোচন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দল ও বাম নেতারা।
বৃহস্পতিবার রাতে রায় কার্যকর হওয়ার পর ১৪ দলের নেতারা এই প্রতিক্রিয়া জানান।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “এই রায় কার্যকরের মাধ্যমে জাতির কলঙ্ক মোচন শুরু হলো। এর মধ্য দিয়ে জনগণ আস্বস্ত হলো, বাকি রায়গুলোও যথাসময়ে কার্যকর করা হবে।”
আর যুদ্ধাপরাধীদের বিচারের যে নির্বাচনী ওয়াদা আওয়ামী লীগ করেছিল, এর মধ্য দিয়ে তারও পূর্ণ বাস্তবায়ন শুরু হলো বলেও মন্তব্য করেন তিনি।
নাসিম বলেন, “বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছি। এই রায়ের মাধ্যমে জাতির দীর্ঘ দিনের প্রতীক্ষা পূরণ হলো।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “কাদের মোল্লার রায় কার্যকর করার মধ্যে দিয়ে দায়মোচনের শুভ সূচনা হলো। আশা করি, এর ধারাবাহিকতা বজায় রেখে অন্যান্য যুদ্ধাপরাধীদের রায়ও দ্রুত বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের কলঙ্ক মোচন হবে।”
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরকে শহীদ জননী জাহানার ইমামের শুরু করা আন্দোলনেরই বিজয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এটা গণজাগরণ মঞ্চ এবং জনগণের বিজয় বলেও মন্তব্য করেন তিনি।
একাত্তরে পাকিস্তানের সহযোগিতকারী জামায়াত-শিবিরকে এবার পুরোপুরি নিষিদ্ধ করারও দাবি জানান সেলিম।
বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়। পরে রাতেই তাকে ফরিদপুরে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, “রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হতে চলেছে। স্বাধীনতার ৪২ বছরের কলঙ্ক মোচনে দেশ এক ধাপ এগিয়ে গেল।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আল-বদর, রাজাকাররা নারকীয় তাণ্ডব চালিয়েছিল। তাদেরই একজনের রায় কার্যকর করার মধ্যে দিয়ে শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পেল।
দেশের মানুষ দীর্ঘদিন এই রায় কার্যকর দেখার অপেক্ষায় ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, “জাতির ঘাড়ে যে দায় ছিল সেই বোঝা রায় কার্যকরের মাধ্যমে খানিকটা হালকা হলো।”
