চুয়েটে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠেয় যন্ত্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে এই সম্মেলন স্থগিত করা হয়েছে।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিনিউয়েবল এনার্জি (আইসিএমইআরই ২০১৩)’ হওয়ার কথা ছিল।
সম্মেলনের আয়োজক কমিটির সদস্য সচিব ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল ওয়াজেদের সই এই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনফারেন্সের নতুন সময় ও পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং ইমেইলে জানানো হবে।
এর আগে ১৫ ডিসেম্বর থেকে নির্ধারিত ভর্তি প্রক্রিয়াও স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
