২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের মুক্তিযোদ্ধাদের বিজয়ের অনুষ্ঠান বর্জন

জেলা প্রশাসনের আমন্ত্রণপত্রে মুক্তিযুদ্ধ ও জাতির জনকের নাম না থাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জামালপুরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আহ্বায়ক বীরপ্রতীক সদরুজ্জামান হেলাল এই ঘোষণা দেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের আমন্ত্রণপত্রে শুধু ‘যুদ্ধ’ লেখা হয়েছে। মুক্তিযুদ্ধ কথাটি ওই আমন্ত্রণে উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও।

বিজয় দিবসের অনুষ্ঠানের প্রচারিত আমন্ত্রণপত্রে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম খোকা, সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর রশীদ, ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ, তাদের পরিবারকে সংবর্ধনা, সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানাতে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

তিনি বলেন, “আমন্ত্রণপত্রে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়নি।”