২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারিজের পর রাজশাহীতে তাণ্ডব

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের আদেশের পর রাজশাহীতে আটটি স্পটে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসলামি ছাত্রশিবির কর্মীরা। এতে তিন পুলিশ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী ও রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:26 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

বৃহস্পতিবার দুপুরে রিভিউ খারিজের আদেশের পরেই তারা পুলিশের গাড়ি ভাংচুর করে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে। আগুন দেয়ার চেষ্টা করে একটি পুলিশের ট্রাকে।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলগীর হোসেন বলেন, “দুপুর সোয়া ১টার দিকে তালাইমারী এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে রাস্তায় আগুন দেয়। সেখানে পুলিশ পৌঁছলে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি গাড়িতে পড়লেও আগুন ধরেনি। কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটায় তারা।”

ওসি জানান, একই সময়ে নগরীর সোনাদিঘী মনিচত্বরে শিবিরকর্মীরা মিছিল থেকে রাস্তায় আগুন দেয়। এ সময় পুলিশের গাড়ি এসে রাজশাহী কলেজের সামনে দাঁড়ালে তারা হামলা চালায়। পুলিশের একটি ট্রাক ভাংচুর করে তাতে আগুন দেয়ার চেষ্টা চালায়।

পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া, দুপুরে তারা বিশ্ববিদ্যায়ল সংলগ্ন কাজলা ও বিনোদপুর, হড়গ্রাম কোট স্টেশন, ডিঙ্গাডোবা, বাইপাস সড়কের খড়খড়িতে বিক্ষোভ মিছিল করে করে নাশকতা চালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে ছাত্রশিবির কর্মীরা অর্ধশত হাতবোমা ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়।

এতে তিন পুলিশ আহত হয়েছে বলে ওসি জানান।