ফের পেছাল রাবির ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চতুর্থ দফায় পেছানো হয়েছে। এছাড়া স্থগিত দুটি পরীক্ষার সূচি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আঠারদলীয় হরতাল-অবরোধে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার দুপুরে রাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক জানিয়েছেন, পূর্ব ঘোষিত ২৫ থেকে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষা আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা দুপুরে ভর্তি কমিটির জরুরি সভায় ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে প্রথম দফায় ১০ থেকে ১৪ নভেম্বর, দ্বিতীয় দফায় ৫ থেকে ৯ ডিসেম্বও, তৃতীয় দফায় ২৫ থেকে ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার সময়সূচির নির্ধারণ করা হয়েছিল।
ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd- এ প্রকাশ করা হবে।
এবার আটটি অনুষদের আটটি ইউনিটে ৪৭ টি বিভাগের জন্য তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে ৪৭ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সংশোধিত তারিখ অনুযায়ী ৭ ডিসেম্বরের স্থগিত বিবিএ প্রথম বর্ষ ১ম সেমিস্টারের ইংরেজি-১১০৫ পরীক্ষা ১৪ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় এবং ৯ ডিসেম্বর স্থগিত বিবিএ ৩য় বর্ষ ৬ষ্ট সেমিস্টারের প্রডাকশন অ্যান্ড অপারেশন্স ম্যানেজমেন্ট-৩২০৫ পরীক্ষা ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
এ সব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং স্থগিত অন্যান্য পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালু রাখার সুবিধার্থে ১৩ ডিসেম্বর শুক্রবার এবং ১৪ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে।
