২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বর্ণ ও জাতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

তার সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি দেশে ফেরেন।”

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, গণপূর্ত ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, ভূমি এবং ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আমীর হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার প্রিটোরিয়ার ‘ইউনিয়ন বিল্ডিংয়ে’ ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও তিনি যোগ দেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মনজুর হোসেন, প্রেস সচিব ইহসানুল করিম, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ, ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাড়িতে মারা যান নেলসন ম্যান্ডেলা।

১৫ ডিসেম্বর জন্মভূমি কুনুতে এই আফ্রিকান নেতাকে সমাহিত করা হবে।