খুলনায় শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ১৫
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার চেষ্টার প্রতিবাদে ডাকা হরতালে খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিবিরকর্মীরা।
বুধবার নগরীর সোনাডাঙ্গায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৭টা থেকে প্রায় ঘণ্টাকাল ধরে চলা সংঘর্ষে ৭-৮ জন গুলিবিদ্ধসহ ১৫ শিবিরকর্মী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শিবির ঝটিকা মিছিল বের করে এবং রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
পুলিশ পাল্টা গুলি ও টিয়ারশেল ছুঁড়লে কয়েকজন শিবিরকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়।
পুলিশের সোনাডাঙ্গা জোনের এসি জোবায়ের হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০২ রাউন্ড শটগানের গুলি ও তিনটি টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শিবিরের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফরাজী দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের ৭-৮ জন গুলিবিদ্ধসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
