২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি অটোরিকশা মালিকদের ধর্মঘটের হুমকি

রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ‘ইকোনোমিক লাইফটাইম’ বাড়ানোর দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক বরবত উল্লাহ বুলু।

রাজধানীর বায়ু দূষণ কমাতে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশার পরিবর্তে চার স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা চালুর উদ্যোগ নেয়া হয়। এ উদ্যোগের অংশ হিসেবেই ২০০২ সালে রাজধানীর রাস্তায় নামে সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা।

ইঞ্জিনের ‘ইকোনোমিক লাইফ’ হিসাব করে সেই সময় ৯ বছরের জন্য এসব অটোরিকশার লাইসেন্স দেয়া হলেও মালিক ও চালকদের দাবির মুখে আরো দুই বছর বাড়ানো হয় এই মেয়াদ। বর্ধিত এ মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।

সংবাদ সম্মেলনে বুলু বলেন, “৩১ ডিসেম্বর সাড়ে ৫ হাজার সিএনজি অটোরিক্সা মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এতে বেকার হবেন ১১ হাজার চালক।

“১৯ ডিসেম্বরের মধ্যে সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফটাইম ১১ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর না করা হলে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টা সিএনজি অটোরিকশা ধর্মঘট পালন করা হবে।”

এছাড়া আয়কর আড়াই হাজার টাকা ও টিআইএন সার্টিফিকেট প্রত্যাহার, চালকদের পুলিশি হয়রানি ও রেকারিং বন্ধ করা, অটোরিকশার জন্য নির্ধারিত পার্কিয়েংর ব্যবস্থা এবং চুরি-ছিনতাই ও চালক হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, বর্তমানে রাজধানীতে প্রায় ১৩ হাজার সবুজ এবং ৩ হাজার ছাই রংয়ের সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।