বাঁশখালীতে আ.লীগ নেতার বাড়িতে হামলা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
এছাড়া বুধবার সকাল থেকে বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা।
বাঁশখালী থানার ওসি কামরুল হাসান জানান, বাঁশখালীতে কোন নাশকতা না হলেও উত্তেজনা বিরাজ করছে। তবে নেতাদের বাড়িতে হামলার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, চাম্বল বাজারে সকাল থেকে সড়ক দখল করে জামায়াতকর্মীরা সমাবেশ করে। এছাড়া বেলা সাড়ে ১২টার দিকে শিবির একটি মাইক্রোবাসে আগুন দেয়।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জামায়াত কর্মীরা পুঁইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টুর বাড়িতে হামলা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আকবর কবীরের ওপর হামালা চালিয়ে তাকে জখম করে জামায়াত-শিবির।
তিনি বলেন, “পুঁইছড়ি ইউনিয়ন থেকে বাঁশখালী উপজেলার দক্ষিণ অংশ অবরুদ্ধ করে রেখেছে জামায়াত-শিবির কর্মীরা। চকরিয়াসহ কক্সবাজারের জেলার বিভিন্ন এলাকা থেকে তারা কর্মীদের জড়ো করছে।”
স্থানীয় সাংবাদিকরাও জানান, মঙ্গলবার রাত থেকে উপজেলার চেঁচুড়িয়া, চাম্বল বাজার, চাম্বল মাদ্রাসা, নাপোড়া বাজার ও পুঁইছড়ি ইইনয়নের বিভিন্ন স্থানের সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা বেশ কিছু স্থানে যানবাহন ভাংচুর করে।
ওসি বলেন, “উপজেলার বিভিন্ন স্থানে থমথমে অবস্থা বিরাজ করলেও কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুঁইছড়ি ইউনিয়নে একজন অওয়ামী লীগ সমর্থকের মার্কেটে শিবিরকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে।”
এদিকে, জামায়াত প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ করে রাখায় চট্টগ্রামের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে পড়েছে।
তবে সীতাকুণ্ড উপজেলায় বুধবার দুপুর পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
সম্প্রতি টানা অবরোধ ও হরতালে জামায়াত-শিবিরের লোকেরা ব্যাপক তাণ্ডব চালায় সীতাকুণ্ডে।
