২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ব্যাংকে জামায়াত-শিবিরের হামলা, ভাংচুর

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আদেশ বাতিলের দাবিতে সহিংসতার ধারাবাহিকতায় এবার নাটোরে দুটি ব্যাংক ভবনে ভাংচুর চালিয়েছে জামায়াতকর্মীরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার সকাল ১০টায় নাটোর শহরের কানাইখালিতে ন্যাশনাল ও প্রাইম ব্যংকের ভবনে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এর আগে তারা নাটোর-ঢাকা ও নাটোর-বগুড়া সড়কে বাস রেখে অবরোধ করে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “সকালে কয়েক হাজার জামায়াতকর্মী দুই ব্যাংক ভবনে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে জামায়াত-শিবিরকর্মীরা শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।”

সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।     

জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তাদের আট কর্মী আহত হয়েছেন।

শেষ খবর পর্যন্ত জামায়াতকর্মীরা মাদ্রাসামোড়ের দুইটি সড়ক দখল করে রেখেছে। 

কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের খবরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। বুধবার হরতাল ডাকার পাশাপাশি দলটি হুমকি দিয়েছে, তাদের নেতার ফাঁসি হলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হবে।

গতকাল রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও রাতেই সুপ্রিম কোর্টের চেম্বার জজ আকস্মিকভাবে দণ্ড কার্যকর বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করে। পরে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আদৌ আছে কি না, সে বিষয়ে ‍শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ।