রাজধানীতে শিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশের অস্ত্র খোয়া
রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষে মধ্যে পুলিশের একটি পিস্তল খোয়া গেছে।
কদমতলী থানার এসআই আবু আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৯টার দিকে দনিয়া কলেজের সামনে শিবিরকর্মীরা হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় সংঘর্ষ শুরু হলে কোনো এক সময় কদমতলী থানার এসআই আব্দুল খালেকের পিস্তলটি হারিয়ে যায়।
শিবিরকর্মীরা সেটি ছিনিয়ে নিয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি খালেক।
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের উদ্যোগের প্রতিবাদে সারা দেশে হরতালের মধ্যেই এ ঘটনা ঘটল।
মঙ্গলবার রাতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকার করা হবে বলে সরকার জানালেও পরে আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়।
