২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ ফেলে রংপুরে ১০ কিমি সড়কে অবরোধ

শত শত গাছ কেটে ফেলে প্রায় ১০ কিলোমিটার সড়ক জুড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবরোধ করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

উপজেলার দমদমা থেকে শঠিবাড়ি পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কে বুধবারের এ অবরোধে বিভাগের সাত জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যেই যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা ঠেকাতে হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সকাল থেকে জামায়াত-শিবিরকর্মীরা সড়কের দুপাশের শত শত গাছ কেটে মিঠাপুকুরের দমদমা থেকে শঠিবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা অবরোধ করে রাখে।

তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে অবরোধকারীদের সরিয়ে দেয়া সম্ভব হচ্ছে না।” 

রংপুর সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তোহাম্মেল হোসেন মজনু বলেন, “জামায়াত-শিবিরের সড়ক অবরোধের কারণে বেলা ২টা পর্যন্ত ঢাকা থেকে সংবাদপত্রবাহী কোনো গাড়ি জেলায় ঢুকতে পারেনি।”