লালমনিরহাটে রেললাইন উৎপাটন
বিরোধী দলের অবরোধ ও জামায়াতের ডাকা হরতালের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামে রেললাইন উপড়ে ফেলেছে জামায়াত-শিবিরকর্মীরা।
এছাড়া লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। দুই ঘটনায় বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারা দেশের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের আলাউদ্দিন নগর এলাকায় ১২৬ ফুট রেললাইন তুলে ফেলা হয়েছে। এছাড়া ভোটমারী স্টেশনের কাছে রেললাইনে গাছ ফেলেছে অবরোধকারীরা। এর পর থেকেই এ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে লাইন মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।
এদিকে বুধবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা থেকে আলাউদ্দিন নগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে গাছের গুঁড়ি ফেলে ও আগুন দিয়ে অবরোধ করেছে ১৮ দলীয় জোটের কর্মীরা।
