২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেট্রোলসহ ৩ শিবির কর্মী আটক

অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকা থেকে বোতল ভর্তি পেট্রোলসহ ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

চাঁদগাঁও থানার এসআই রাজু আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে চাঁদগাঁও বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, “ওই এলাকায় ৩০/৪০ জন লোক জড়ো হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। তিন জনকে বোতল ধরা হয়।”

এরা হলেন- মাসুম (২১), নাজমুল হক (২১) ও জসীম (২২)।

তিনজনই শিবির কর্মী বলে জানান এসআই।

এদের মধ্যে একজনের ব্যাগে বোতল ভর্তি পেট্রোল পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রাজু বলেন, এরা সেখানে পেট্রোলবোমা ছুড়ে বাস পুড়িয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান জানান, বুধবার সকাল থেকে নগরীতে কোনো ধরনের নাশকতা ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

নাশকতা এড়াতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি শহরে বিজিবির টহল রয়েছে। 

এদিকে বিরোধেী জোটের অবরোধ ও জামায়াতে ইসলামীর হরতাল উপেক্ষা করে নগরীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়। আগের দুই হরতাল থাকায় পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়।

গভীর রাতে জামায়াত বুধবার হরতাল পালনের ঘোষণা দেয়ায় সাধারণ মানুষ জানতে না পারায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেক শিক্ষার্থী গিয়ে ফিরে আসে।

হরতাল ও অবরোধের মধ্যেও বিভিন্ন অফিসসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে।  

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস কিছুটা বিলম্বে চট্টগ্রাম থেকে ছেড়ে গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম জানিয়েছেন।