চাঁপাইনবাবগঞ্জে রাস্তা কেটে অবরোধ
নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবিতে বিরোধী দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিন এবং জামায়াতের ডাকা হরতালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের সমর্থকরা।
মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার টাকশাল দীঘি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক কেটে ফেলে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।
তিনি বলেন, টাকশাল দীঘি এলাকায় রাস্তা খুড়ে সোনামসজিদ স্থল বন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
এছাড়া বুধবার সকাল থেকে উপজেলার ধোবড়া, মুসলিমপুর ও কয়লা বাড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছে বলেও তিনি জানান।
ভোলাহাট থানার ওসি আবু ফরহাদ জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
