২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা ঠেকাতে মাওয়ায় রাত জেগে পাহারায় এলাকাবাসীও

বিরোধী জোটের অবরোধে লঞ্চ ও বাস পোড়ানোর পর নাশকতা প্রতিরোধে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট পুলিশের সঙ্গে পালা করে রাত জেগে পাহারায় ব্যবসায়ী ও  শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয়রাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার রাত থেকে  চারটা দলে বিভক্ত হয়ে পালাক্রমে পাহারায় থেকে নিজেদের নিরাপত্তায় নতুন এ কৌশল নিয়েছেন তারা।

রাতভর পাহারায় থাকা পরিবহন শ্রমিক শরিফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যত দিন নাশকতার আশঙ্কা থাকবে ততদিন এই পাহারা চলবে।

তিনি বলেন, “পার্কিং করা বাসেরও রক্ষা নাই, ঘুমন্ত মানুষ পোড়াইয়া মারতে চায়। আমাগো নিরাপত্তা কে দিব? তাই জান মালের নিরাপত্তা আমগোই করতে হইতাছে।”

বিএনপি-জামায়াত জোটের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে গত শনিবার ভোরে মাওয়ায় দুটি বাস ও দুটি লঞ্চে আগুন দেয়া হয়, ভাংচুর হয় আরো দুটি লঞ্চে।

গাড়িতে আগুন দেয়ায় এক বাসচালকের সহকারী আলমগীর হোসেন (২৩) ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Image
মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে এই বাসে দেয়া আগুনেই পুড়েছেন পরিবহন শ্রমিক আলমগীর।

মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে এই বাসে দেয়া আগুনেই পুড়েছেন পরিবহন শ্রমিক আলমগীর।

এই ঘটনার পর ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা নাশকতা প্রতিরোধে সক্রিয় হয়, তার সঙ্গে যোগ দেয় স্থানীয়রাও।

লৌহজং থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা এড়াতে জানমাল রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল। এখন পাশাপাশি পাহারায় নেমেছে এলাকাবাসী, পরিবহন শ্রমিক ও দোকান মালিকরাও।

মাওয়ার বিভিন্ন মোড়ে ও অলিগলিতে রাতভর অনবরত এই পাহারা দেখা যায় সোমবার রাতে।

স্বতস্ফূর্তভাবে স্থানীয়দের এগিয়ে আসার প্রশংসা করে ওসি বলেন, “এটা ভালো উদ্যোগ। দেশের সকল এলাকায় যদি জনগণ এভাবে যদি এগিয়ে আসে, তবে নাশকতাকারীরা পালাবেই।”

পুরনো খবর:

মাওয়ায় লঞ্চ-বাসে আগুন, পুড়ল একজন