বংশালে দুই স্বেচ্ছাসেবকদলকর্মীর সাজা
বিরোধীদলের অবরোধ ও জামায়াতের ডাকা হরতালের মধ্যে রাজধানীতে হাতবোমাসহ আটকের পর স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার পুরান ঢাকার আরমানিটোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- আহমেদ সজিব (১৮) ও মো. দিলু (৩০)।
বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে আরমানিটোলা এলাকায় কয়েকজন যুবক পাঁচ/ছয়টি বোমা ফাটিয়ে পালানোর সময় পুলিশ দিলু ও সজিবকে একটি হাতবোমাসহ গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাসের সাজা দেয়।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে। এছাড়া যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড প্রাপ্ত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে হরতাল করছে জামায়াতে ইসলামী।
