২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের সংঘর্ষ, আহত ২০

নওগাঁর রানীনগর উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে একটি ট্রাকে ভাংচুর চালানোর পর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আবাদ পুকুর বাজারে এ ঘটনায় দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

এদের মধ্যে ১২ জনকে নওগাঁ সদর হাসপাতাল, রানীনগর উপজেলা হাসপাতাল ও বগুড়ার আদমজী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ জেলা শিবিরের সাধারণ সম্পাদক আবদুর রহীম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে তাদের দুই কর্মী শুকুর আলী (২৪) ও দুলাল হোসেন (৩২) আহত হয়েছেন। তাদের আদমজী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বাজারে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী হেলাল উদ্দীনের একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা ছিল। অবরোধ ও হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল থেকে ওই ট্রাক ভাংচুর করা হলে হেলালসহ অন্য ব্যবসায়ীরা প্রতিরোধের চেষ্টা করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মিছিলকারীরা লাঠি ও ইট নিয়ে বাজারের সাতটি দোকানসহ পাঁচটি যানবাহনে ভাংচুর চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা ওই এলাকা ত্যাগ করে।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।