ফরিদপুরে উপজেলা শিক্ষা কার্যালয়ে আগুন
বিরোধীদলের অবরোধের মধ্যে ফরিদপুর সদর উপজেলা শিক্ষা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় উপজেলা পরিষদের নিচতলায় এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আসবাবপত্র ও দরজা-জানালার পর্দা পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিসে এসে দরজা খুলে ঘটনা টের পান বলে জানান সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক।
তিনি বলেন, রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জানালার কাচ ভেঙে লাঠির মাথায় কাপড় লাগিয়ে মশাল বানিয়ে তাতে আগুন ধরিয়ে ঘরের ভেতরে ছুড়ে মারে।
“মশাল একটি চেয়ারের ওপর পড়েছে। এতে চারটি চেয়ার ও পর্দা পুড়ে গেছে। সকালে খবর পেয়ে পুলিশ এসে দেখে গেছে।”
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও তিনি জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, আগুন আর কিছুতে না লেগে একা একাই নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, সমাপনী পরীক্ষার খাতা অন্যস্থানে সংরক্ষণ করায় খাতারও কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, পরিষদের ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাচন কার্যালয়ের পাহারার জন্য নৈশ প্রহরীদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে ছিলেন। তারপরও এ ঘটনা ঘটেছে।
