ফেনীতে হরতাল-অবরোধে সংঘর্ষ, আটক ৩
হরতাল-অবরোধে ফেনী শহরের কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
সোমবার এসব সংঘর্ষ চলাকালে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও পেট্রোল বোমা ছোড়ে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বেলা ১১টার দিকে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় শিবির কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল এবং ফেনী মডেল থানা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছোড়ে।
এর পরপরই পুলিশ বহনকারী একটি হিউম্যান হলার ভাংচুর করে তারা।
ওসি আবুল কালাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ।
প্রায় একই সময়ে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের পাঠান বাড়ি মোড়ে শিবিরকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। র্যাব-পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসব ঘটনায় শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
দফায় দফায় সংঘর্ষের পর শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েনে করা হয়েছে।
