ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে দ. আফ্রিকার পথে রাষ্ট্রপতি
বর্ণ ও জাতি বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি প্রিটোরিয়ার উদ্দেশ্যে রওনা হন।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুর হোসেন, রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম, একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ, ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান।
দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাড়িতে মারা যান নেলসন ম্যান্ডেলা।
১১ থেকে ১৩ ডিসেম্বর ম্যান্ডেলার শবদেহ রাখা হবে প্রিটোরিয়ায় ইউনিয়ন ভবনে। সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ভবনটি উন্মুক্ত রাখা হবে।
১৫ ডিসেম্বর ম্যান্ডেলাকে সমাহিত করা হবে তার জন্মভূমি কুনুতে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বের বহু দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া ও শোক সমাবেশে যোগ দেবেন।
