রংপুরে মিছিলে হাতবোমা হামলা
রংপুরে আওয়ামী লীগের হরতাল ও অবরোধ বিরোধী মিছিলে হাতবোমা হামলায় সাতজন আহত হয়েছে।
সোমবার বেলা দেড়টায় রংপুর সদর হাসপাতালের সামনে এ হামলার জন্য জামায়াত-শিবির ও ছাত্রদলকে দায়ী করেছেন আওয়ামী লীগ নেতারা।
আহতরা হলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান, সদস্য আবুল খয়ের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরহাদ হোসেন রিপন, মিজানুর রহমান, সোহেল রানা ও রমজান আলী তুহিন।
এদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বেতপট্টি রোড়ের দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কাচারী বাজারে যাচ্ছিল। পথে সদর হাসপাতালের সামনে পর পর ২-৩টি ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে আমাদের ৭ নেতাকর্মী আহত হন।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বলেন, হরতালকারীরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন নয়ন এবং মহানগর শিবিরের সভাপতি মোশতাক আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদল রংপুর বিভাগের আট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
