সিলেটে শিবিরের ভাংচুর-বোমাবাজি, আটক ১৭
যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পরোয়ানা জারির প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে সিলেটে যানবাহন ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।
সোমবার সকালে সিলেট নগরীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, হরতালকারীরা সকালে বিক্ষিপ্তভাবে নাশতকামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে।
পরে শহরের বিভিন্ন এলাকা থেকে ১৭ শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে সার্কিট হাউস এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা।
শাহী ঈদগাহে ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটানো হয়। এ সময় পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শিবির কর্মীরা ইটপাটকেল ছুড়লে শটগানের গুলি ও কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এছাড়া কুমারপাড়া ও মেডিকেল এলাকায়ও ঝটিকা মিছিল করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় অটোরিকশাসহ ৪/৫টি যানবাহনে ভাংচুর চালায় তারা।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যেই সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। অবরোধ ও হরতালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করছে।
ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান।
অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রাখা হয়েছে। র্যাব ও পুলিশের পাশাপাশি নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের তফসিল বতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন চলছে সোমবার।
