২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসে আগুন, ভাংচুর

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে জামায়াতের হরতালের মধ্যে সাভারে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন দেয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 09:39 AM

Updated : 25 Apr 2022, 07:38 PM

সোমবার সকাল ৭টার দিকে সাভার বাজার স্ট্যান্ডের সামনে কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয়েছে।

নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন চলছে সোমবার।    

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, পোশাক শ্রমিকদের কারখানায় নেয়ার জন্য ‘বাদল এন্টারপ্রাইজের’ বাসটি সাভার বাজার স্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেখানেই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।  

অবরোধ ও হরতাল সমর্থকরা এ সময় সেখানে থাকা আরো ৬/৭টি যানবাহনে ইট ছুড়ে ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে ওসি বলেন এ বিষয়ে মামলা করা হবে।