২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের মধ্যে কয়েক জেলায় হরতাল

নেতাকর্মীদের গ্রেপ্তার, কারাগারে পাঠানোসহ কয়েকটি অভিযোগ তুলে সোমবার বিভিন্ন স্থানে হরতাল ডেকেছে বিএনপি ও ছাত্রদল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

এরমধ্যে কয়েকটি জেলা হল ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ফেনী ও মুন্সীগঞ্জ।

ব্রাহ্মণবাড়িয়া

জেলায় সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

দলের জেলা সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়।

রোববার জেলা সভাপতি হারুন-আল রশিদের মৌলভীপাড়াস্থ বাসভবনে এক সভায় এই হরতালের ঘোষণা দেওয়া হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আলী আজম জানান, ভোর ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল চলবে।

ফরিদপুর

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ফরিদপুরে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার জেলার ৯টি উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে nQoTbdtG

রোববার সন্ধ্যায় শহরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময়  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ফেনী

যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল।

জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজি হাবিব উল্লাহ মানিক রোববার দুপুরে সাংবাদিকদের এ খবর জানান।

গত বুধবার বিকালে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সহিংসতার ঘটনায় পুলিশ থানায় ৫টি মামলা দায়ের করে। এসব মামলায় প্রায় আড়াইহাজার যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

মুন্সীগঞ্জ

হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলার ৪২ আসামিকে জামিন না দেয়া এবং জেলা যুবদল নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বিএনপি।

জেলা বিএনপি সভাপতি মো. আব্দুল হাই এ খবর নিশ্চিত করেন।

রোববার দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৬ নেতাকর্মী জামিন আবেদন করেন।

এদের মধ্যে ৪ জনের জামিন মঞ্জুর করে বাকিদের জেল হাজতে পাঠানো হয়।