অবরোধে বিপন্ন ফুলচাষি
ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলচাষি ও ব্যবসায়ীরা অবরোধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চাষ, পরিবহন, বিপণনসহ নানাকাজে এ খাতের এক লাখেরও বেশি মানুষ বিপর্যয়ের মুখে রয়েছে।
ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের ফুলচাষি গোলাম রসুল ১০ বিঘা জমিতে এবার বিভিন্ন জাতের ফুল চাষ করেন। আবহাওয়া ভালো থাকায় বাগানে আগের চেয়ে বেশি ফুল হয়েছে।
ফুল বেচে ঘরে পাঁচ-ছয় লাখ টাকা ঘরে তুলতে পারবে আশা ছিল তার। কিন্তু হরতাল-অবরোধে সে আশা শেষ।
তিনি জানান, অবরোধের কারণে তার প্রতিদিন অন্তত ২০ হাজার রজনীগন্ধার স্টিক নষ্ট হচ্ছে।
হতাশার প্রকাশ করে বলেন, “প্রতিটি স্টিক তিন টাকা বেচতে পারতাম। ক্ষেতেই নষ্ট হচ্ছে এখন।”
ওই গ্রামের ফুলচাষি আব্দুর রহিম ও হাফিজুর রহমান জানান, এক সময় ভারত থেকে এদেশে ফুল আমদানি হতো।
আব্দুর রহিম বলেন, “আশির দশকের শেষদিকে শের আলী প্রথম আমাদের এলাকায় ফুলের আবাদ শুরু করেন। তার দেখাদেখি ফুল চাষ ছড়িয়ে পড়ে।
“এখন আর ভারত থেকে ফুল আমদানি হয় না। আমরাই দেশের চাহিদা মিটিয়ে থাকি”, বলেন হাফিজুর রহমান।
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, গত একমাসে হরতাল অবরোধসহ রাজনৈতিক কর্মসূচিতে গদখালীর ফুলচাষি ও ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
এভাবে চলতে থাকলে ফুল চাষ ও ব্যবসায় ধস নামবে বলে আশঙ্কা তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের ফুল উৎপাদনের শতকরা ৭৫ ভাগই উৎপাদিত হয় যশোরের গদখালীতে।
চাষ, পরিবহন, বিপণনসহ নানাকাজে এ খাতে কাজ করছেন এক লাখেরও বেশি মানুষ। সপ্তাহের প্রতিদিনই যশোরের ঝিকরগাছার গদখালীতে ফুলের পাইকারি বাজার বসে।
তিনি বলেন, ”ফুল চাষে বিপ্লব ঘটেছে গদখালীতে। শার্শা, বেনাপোল, ঝিকরগাছার ৬০টি গ্রামে এখন প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ হচ্ছে। আর এ ফুল চাষের সঙ্গে প্রায় পাঁচ হাজার কৃষক সরাসরি জড়িত।”
শার্শার বারিপোতার ফুলচাষি দেলোয়ার হোসেন জানান, টানা অবরোধে বাজার জমছে না। যানবাহন চলাচল না করায় দূর-দূরান্তের পাইকাররা আসছেন না।
ঝিকরগাছার হাড়িয়া গ্রামের ফুল ব্যবসায়ী শাহাজাহান আলী জানান, অবরোধের কারণে বাজার না বসায় ফুলচাষিরা জমি থেকে বিক্রির উপযুক্ত ফুল তুলতে পারছেন না।
হিমাগারে ফুল রাখার ব্যবস্থা না থাকায় লাখ লাখ টাকার ফুল ফেলে দিতে হচ্ছে বলে জানান তিনি।
তার মন্তব্য, ধানের বিকল্প হিসেবে চাষিরা এতদিন ফুলচাষ করছিল, চোখের সামনে ফুল নষ্ট হতে দেখে পেশা বদলের চিন্তা করছেন অনেকে।
