নওগাঁয় তিন কেজি স্বর্ণ উদ্ধার, আটক এক
নওগাঁ সদর উপজেলায় পৌনে তিন কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সাকলে সাহাপুরের তালপুকুর এলাকা থেকে আটক নাসির খান সদরের বক্তারপুর ইউনিয়নের মুক্তার পাড়ার প্রয়াত আলাউদ্দিনের ছেলে।
সদর থানার ওসি জাহিদুল ইসলাম জাহিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল নাসির খানকে আটক করে।
এরপর তার দেহ তল্লাশি করে ২২টি স্বর্ণের বার উদ্ধার করে, যেগুলোর ওজন পৌনে তিন কেজি। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
নাসির ঢাকা থেকে ট্রেনযোগে ওই স্বর্ণ নওগাঁ আনছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
ওসি আরো জানান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, সদর সার্কেলের এএসপি মো. মাহফুজ আফজাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেক হাসানের উপস্থিতিতে সিজার লিস্ট তৈরি করা হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
