হরতালকারীদের ধাওয়ায় আহত অটোরিকশা চালকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রদলের হরতালে পিকেটারদের ধাওয়ায় সিএনজি অটোরিকশা উল্টে আহত চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোয়েব আহমদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
সোয়েব দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সফিক মিয়ার ছেলে।
মোগলা বাজার থানার ওসি মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দক্ষিণ সুরমায় ছাত্রদলের ডাকা হরতাল চলাকালে কয়েকজন পিকেটার সোয়েবের সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে এটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সোয়েব।
এ ঘটনায় ছাত্রদলের ৮ জনের নামোল্লেখ করে মোগলাবাজার থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
