২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘বন্দুকযদ্ধে’ যুবক নিহত

রাজধানীর মগবাজার এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

র‌্যাব বলছে, নিহত মো. শফিক (৩৮) একজন ছিনাতাইকারী। তার বাড়ি নারায়গঞ্জে।

র‌্যাব-৩ এর অধিনায়ক মল্লিক ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার প্রথম প্রহরে বড় মগবাজার এলাকায় একদল ছিনতাইকারী একটি প্রাইভেটকার নিয়ে ছিনতাই করছে বলে র‌্যাবের কাছে খবর আসে।

এরপর র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টাগুলি চালালে প্রাইভেটকারটি দ্রুত বেগে পালাতে গিয়ে একটি বিদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

র্যাব ঘটনাস্থলে থেকে আহত শফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পালানোর পথে আরো তিন ‘ছিনাতাইকারীকে’ শেরে বাংলানগর থানা পুলিশ আটক করে বলে জানান মল্লিক।

তিনি বলেন, শফিক ওই গাড়ির মালিক। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, চারটি চাপাতি ও ২৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য শফিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।