অবরোধে দগ্ধ চালক মেহেদীও বাঁচল না
অবরোধের আগুনে দগ্ধ আরেক চালকের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।
নিহত ট্রাকচালক মেহেদী হাসান (২৮) ফরিদপুর সদরের তারা মিয়ার ছেলে। গত ৩০ নভেম্বর রাতে অবরোধকারীদের পেট্রোলবোমায় দগ্ধ হন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়। তার শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ নভেম্বর রাতে ট্র্রাক চালিয়ে ফরিদপুর শহরে যাওয়ার পথে হরিসভা এলাকায় অবরোধকারীদের হামলার শিকার হয় মেহেদীর ট্রাক। অবরোধকারীদের পেট্রোলবোমায় ট্রাকে আগুন ধরে যায়, মেহেদীও দগ্ধ হন।
ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।
গত দেড় মাসে হরতাল অবরোধের মধ্যে যানবাহনে বোমা হামলা ও আগুন দেয়ার ঘটনায় দগ্ধ হয়ে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন, তাদের মধ্যে মেহেদীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
