কাদেরের ফাঁসি দ্রুত কার্যকর চায় গণজাগরণ মঞ্চ
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে এক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ দাবি জানান।
ইমরান বলেন, “ দীর্ঘদিন ঝুলে থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর করতে আর কোন বাধা নেই। এখন সরকারের নির্দেশে রায় কার্যকর করা যায়।”
“একাত্তরের কলঙ্ক থেকে মুক্তি পেতে যে দায় গণজাগরণ মঞ্চ তুলে নিয়েছিল, তার মুক্তি হবে রায় কার্যকরের মাধ্যমে।
“এই ডিসেম্বেরেই আমাদের উত্তরসূরীরা পাকিস্তানিদের হটিয়েছিল। এবার রায় কার্যকরের মাধ্যমে রাজাকার হটানোর পালা শুরু হবে।”
এর আগে কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও গণজাগরণ মঞ্চের আন্দোলনের ১০ মাস পূর্তি উপলক্ষে একটি মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে রূপসী বাংলার মোড় হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে গণজাগরণ মঞ্চের অনতম সংগঠক বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।
গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেয়া হলে, মৃত্যুদণ্ড দেয়ার দাবিতে ফেসবুকের মাধ্যমে শাহবাগে কিছু তরুণ আন্দোলন শুরু করে। পরবর্তী কয়েকদিনে গণমানুষের অংশগ্রহণে তা কয়েকদিনেই গণজাগরণ মঞ্চে রূপ নেয়।
