২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারের বিরুদ্ধে সাক্ষ্য শুরু ১৯ ডিসেম্বর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য নেয়া শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:52 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের উপস্থিতিতে বৃহস্পতিবার এ আদেশ দেন।

বৃহস্পতিবার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়েছে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও একেএম সাইফুল ইসলাম।

সূচনা বক্তব্যে প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে এটিএম আজহারুল ইসলাম ইসলামী ছাত্রসংঘ, রাজাকার ও আলবদর বাহিনীর সাথে সরাসরি যুক্ত ছিলেন। এসময় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত।

তিনি বলেন, সাংগঠনিক অবস্থান থেকে সে সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী বাহিনী হিসেবে অপরাধ সংঘঠনে প্রত্যক্ষ মদদ দিয়েছেন।

১৯৭১ সালে কারমাইকেল কলেজে পড়ার সময় আজহারুল ইসলাম ইসলামী ছাত্রসংঘ রংপুর শাখার সভাপতি এবং আলবদরের কমান্ডার ছিলেন।

মুক্তিযুদ্ধের শুরুতে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে স্থানীয় ইসলামী ছাত্রসংঘ, জামায়াতের নেতাকর্মী ও বিহারীদের নিয়ে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতাকর্মী, বুদ্ধিজীবী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের হত্যাযজ্ঞে লিপ্ত ছিলেন।

এছাড়াও আজহার তার সহযোগীদের মাধ্যমে নারীদের ধরে এনে রংপুর টাউনহলে নির্যাতন এবং ধর্ষণ করতেন বলে সূচনা বক্তব্যে উল্লেখ করেন এ প্রসিকিউটর।   

সূচনা বক্তব্য উপস্থাপন শেষে প্রসিকিউশনের তিনজন সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্যামেরা ট্রায়ালের আবেদন জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৮ ডিসেম্বর এ আবেদনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এছাড়া আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনালের দেয়া আদেশ পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে শুনানিও পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করা হয়।

গত ১ ডিসেম্বর ট্রাইব্যুনালে আদেশ পুনর্বিবেচনার আবেদনটি করেন এটিএম আজহারের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক। বৃহস্পতিবার সূচনা বক্তব্যের আগেই আজহারের জুনিয়র আইনজীবী সৈয়দ মোহম্মদ রায়হান এ পুনর্বিবেচনার আবেদনের শুনানির জন্য এক দিনের সময় আবেদন করেন।

এসময় তিনি ট্রাইব্যুনালকে জানান, আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অনিবার্য কারণে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। তিনিই এ আবেদনের শুনানি করবেন।

এর আগে গত ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে অভিযোগ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল-১।

একইসঙ্গে প্রসিকিউশনের সূচনা বক্তব্য মধ্যে দিয়ে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরুর জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৯ আগস্ট জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম সাইফুল ইসলাম ও নুরজাহান বেগম মুক্তা।

পরে গত ১০ অক্টোবর এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে সহযোগীতা করেন অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির।

গত ১৮ জুলাই রাষ্ট্রপক্ষ আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। পরে গত ২৫ জুলাই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

গত বছর ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওইদিনই তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।