২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও কুড়িগ্রামে আ.লীগ কার্যালয় ভাংচুর

চট্টগ্রাম নগরীতে ও কুড়িগ্রামে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারী।

নিজস্ব প্রতিবেদক

/কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বিরোধী দলের অবরোধের শেষদিন বৃহস্পতিবার নগরীর ৯ নম্বর (পাহাড়তলী) ওয়ার্ড এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও আসবাবপত্রে আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকারীরা বন্দরনগরীর প্রবেশমুখ সিটি গেইট এলাকা থেকে মিছিল করে এ কে খান এলাকার দিকে যায়। এ সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।

এরপর পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে।

এক পর্যায়ে অবরোধকারীরা ওই এলাকার বিভিন্ন গলিতে ঢুকে পড়ে এবং ৯ নম্বর (পাহাড়তলী) ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে আসবাবপত্রে আগুন দেয়।

৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল আলম জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বিএনপির ‘চিহ্নিত সন্ত্রাসীরাই’ এ তাণ্ডব চালায় এবং আসবাবপত্রে আগুন দেয়।

আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টহল গাড়িতে হাতবোমা নিক্ষেপ করায় পুলিশ অবরোধকারীদের ধাওয়া করে।

“এক পর্যায়ে তারা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে এবং বন্ধ থাকা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।”

কুড়িগ্রামের চিলমারী উপজেলা শহরে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

চিলমারী থানার ওসি রেজাউল করিম জানান, সকাল ১০টার দিকে অবরোধ সমর্থনে বিএনপির দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের নিবৃত করার চেষ্টা করি।

এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। পরে তারা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এছাড়া তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সও জ্বালিয়ে দেয়।

এ ঘটনার পর চিলমারীতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।