২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের নিরাপত্তায় ৮ হাজার আনসার মাঠে

১৮ দলের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে রেলে নাশকতা ঠেকাতে ৪০টি জেলায় আট হাজারেরও বেশি আনসার সদস্য বুধবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 08:56 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

সোমবার আনসার ও ভিডিপি সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারি করে এসব আনসার সদস্যকে রেলের নিরাপত্তায় মোতায়েনের কথা বলা হয়।

গাজীপুর জেলার আনসার ও ভিডিপি  কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে ২রা ডিসেম্বর একটি চিঠি পেয়েছি। সে অনুযায়ী বুধবার গাজীপুরের বিভিন্ন পয়েন্টে রেলপথের নিরাপত্তায় ২২৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।”

আনসার সদর দপ্তরের প্রজ্ঞাপনে ৪০টি জেলার দুই হাজার কিলোমিটার রেলপথের নিরাপত্তা নিশ্চিতে ৮ হাজার ৬৫২ জন আনসার সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। এছাড়া ৫৮৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে এসব জায়গায় দুই হাজার ৩৫২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

রেলপথে প্রতি দুই কিলোমিটার পর পর, একহাজার ৮২টি পয়েন্টে দুই পালায় ৮ জন করে আনসার সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে।

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী  মুজিবুল হক রেলের নিরাপত্তায় প্রায় ৫ হাজার আনসার সদস্য মোতায়েনের কথা জানান।

এ বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায়ের পর বিভিন্ন সময়ে ১৮ দলের ডাকা হরতাল-অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার কারণে রেলের মোট ৩২ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।