বাগেরহাটে চেয়ারম্যানকে ‘হত্যার হুমকি’, আটক ২
বাগেরহাটে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলা বাজার থেকে ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীন আক্তারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র বসুর ছেলে চঞ্চল কুমার বসু (৪৫) এবং আব্দুস সাত্তার ফরাজীর ছেলে ফরাজী মিজানুর রহমান (২৪)।
চলতি বছরের ১৮ মে শিরীনের স্বামী ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান ও তার চালক মুন্না (২৮) খুন হন। এরপর জাহিদের স্ত্রী শিরিন আক্তার চেয়ারম্যান নির্বাচিত হন।
ফকিরহাট থানার ওসি এসএম আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ দুই মাস চেষ্টার পর মোবাইল ট্র্যাকিং করে হুমকিদাতাদের সনাক্ত করে অভিযোগকারী ইউপি চেয়ারম্যান শিরীন আক্তারের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী চঞ্চলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“চঞ্চল ও তার সহযোগী মিজান দুটি মুঠোফোন নম্বার থেকে বোমা মেরে ও গুলি করে হত্যার হুমকি দিয়ে ম্যাসেজ পাঠিয়েছে বলে স্বীকার করেছে।”
শিরীন আক্তারের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার পর থেকে পরিষদে না যেতে মুঠোফোনে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল।
“প্রায় ৭/৮ বার হুমকি দেয়া হয় আমাকে। এ বিষয়ে ফকিরহাট থানায় গত দুই মাসে চারটি সাধারণ ডায়েরি (জিডি) করি,” বলেন তিনি।
এ ঘটনায় নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চঞ্চল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন শিরীন।
