পুলিশ পাহারায় চলল ট্যাংক লরি
বিরোধী দলের অবরোধের মধ্যে পুলিশ পাহারায় উড়োজাহাজের জ্বালানি নিয়ে বিমানবন্দরে গেল এক ট্যাংক লরির বহর।
বুধবার দুপুরে রাজধানীতে ট্যাংক লরির একটি বহরকে হজরত শাহজালাল বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়, যার সামনে ও পেছনে ছিল পুলিশের গাড়ি।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্যে এই চিত্র দেখা গেল।
পুলিশ বলছে, যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে মালবাহী বিভিন্ন ট্রাক, ট্যাংক-লরি, কভার্ড ভ্যানকে নিরাপত্তা দেয়া হচ্ছে।
মহাসড়ক পুলিশের উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশি পাহারা দেয়া হচ্ছে।
বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর মন্ত্রী আমির হোসেন আমু বলেন, “তথাকথিত কর্মসূচির নামে দুষ্কৃতকারীরা যানবাহনে হামলা করতে পারে এই আশঙ্কায় কিছু স্থানে পুলিশ এসকর্ট দেয়া হয়েছে।”
আসাদুজ্জামান বলেন, “চলতি অবরোধের প্রথম দিন (শনিবার) থেকে আমাদের এ কার্যক্রম সারাদেশে শুরু করেছি। আগামীকাল পর্যন্ত এই কার্যক্রম চলবে।”
বিরোধী দলের অবরোধ আগামী বৃহস্পতিবার পর্যন্ত হলেও দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি রয়েছে তাদের।
আসাদুজ্জামান বলেন, আবার অবরোধ কর্মসূচি এলে তখনো মালামাল পরিবহনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
