চালকল অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান
দেশের চালকলকে হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেজর হাস্কিং চালকল মালিক সমিতি।
বুধবার দুপুরে সমিতির নেত্রকোনা জেলা নেতারা স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই আবেদন জানান।
চালকল মালিকদের পক্ষে বাংলাদেশ মেজর হাস্কিং চালকল মালিক সমিতির নেত্রকোনা জেলা সভাপতি ফরিদ আহম্মদ খান সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পড়েন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হরতাল অবরোধের কারণে ধান, চাল কেনা-বেচা করা যাচ্ছে না। এতে নেত্রকোনার দুইশরও বেশি মিল বন্ধ হতে চলেছে।
জেলায় এসব চালকলে প্রায় ১২ হাজার নারী-পুরুষ শ্রমিক জড়িত, যারা হরতাল-অবরোধে বেকার হয়ে পড়েন।
সারাদেশের চালকলগুলোতে অবস্থা একই বলে তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, চালকর মালিকেরা স্বল্প পুঁজির ব্যবসায়ী। প্রায় সবারই ব্যাংকে দেনা আছে। মিলের বর্তমান অবস্থায় শ্রমিকদের যেমন বেতনভাতা দেয়া যাচ্ছে না, ব্যাংকে ঋণের সুদের কিস্তিও পরিশোধ করা যাচ্ছে না।
তাই হুমকির মুখে পড়া মিলগুলোকে বাঁচাতে এগুলো হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানানো হয়।
