নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
নড়াইল সদর উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহম্মদ ভূঞা জানান, কাগজীপাড়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে ওই গ্রামের সিদ্দিক সিকদার ও মহসিন মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে সিদ্দিক লোকজন নিয়ে জমির ধান কাটতে গেলে মহসিন ও তার লোকজন বাঁধা দেয়।
এক পর্যায়ে উভয় পক্ষ ঢাল সরকিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত মহসিন মেম্বারের সমর্থক আকসির যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।
আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
