২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের টয়লেটে ফের ‘সোনার চালান’

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার শামছুল আরেফিন খান জানান, বুধবার ভোর ৫টার দিকে  মালয়শিয়া থেকে আসা ‘রিজেন্ট এয়ারওয়েজের’ একটি উড়োজাহাজে ওই সোনা পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টয়লেটের আয়নার পেছনে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় সোনার টুকরোগুলো। ১৩ কেজি ৮শ’ গ্রাম ওজনের এই সোনার দাম আনুমানিক ৬ কোটি টাকা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন আরেক সহকারী কমিশনার আব্দুল আলীম।

গত ২৯ অক্টোবর রাতে হংকং থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টয়লেট প্যানের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি ওজনের ১৪০টি সোনার বার পায় কাস্টমস কর্তৃপক্ষ।

চলতি বছরের জুলাই মাস থেকে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি ‘সোনার চালান’ আটক করা হয়। কখনো বিমানের টয়লেটে, কখনো যাত্রীর ব্যাগে, আবার কখনো যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় সোনার বার বা গয়না।