অবরোধে শুনানি বিচারকের বাড়িতে করার আবেদন
১৮ দলীয় জোটের ডাকা চলমান অবরোধে রিট আবেদনের শুনানি এজলাসের পরিবর্তে বিচারকের বাড়িতে করার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ এই আবেদন জমা দেন।
আবেদন দায়েরের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, সংসদ ভেঙে দেয়া ও তফসিল বাতিল চেয়ে আমি তিনটি রিট করেছিলাম।
“বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে দুটি রিট জমা দিয়েছি। ওই দুইটির আংশিক প্রাথমিক শুনানিও হয়েছে। অবরোধের কারণে বর্তমানে ওই বেঞ্চের বিচার কাজ বন্ধ আছে।”
“অথচ এগুলো দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। অন্যদিকে বিচারকরাও নিরাপত্তাজনিত কারণে আদালতে আসতে পারছেন না। এ কারণে বিচারকের বাড়িতে শুনানির জন্য আবেদন করেছি।”
হরতাল অবরোধের সময় হাই কোর্টের অধিকাংশ বেঞ্চের বিচারকরা সাধারণত এজলাস বসেন না। তবে এর মধ্যেই কোনো কোনো বিচারক বিচার কাজ করে থাকেন।
হাই কোর্টের বিচারকরা বাসায় বসেও আদেশে দেয়ার নজির রয়েছে। সর্বশেষ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ বাসায় বসে রানা প্লাজায় অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছিলেন।
